নরওয়েতে রহস্যজনক অসুস্থতায় মারা যাচ্ছে কুকুর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

নরওয়ের কর্মকর্তারা বলছেন গত কয়েকদিনে বেশ কিছু কুকুর মারা গেছে রহস্যজনক এক অসুস্থতায়। দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে প্রায় চল্লিশটি কুকুর অসুস্থ হয়ে পড়েছিলো। এদের বমি ও ডায়রিয়া দেখা দেয় এবং পরে কয়েকটি মারা যায়। প্রথম ঘটনাটি ঘটে রাজধানী অসলোতেই। অন্য ঘটনাগুলোর খবর পাওয়া যায় কমপক্ষে আরো ১৩টি শহর থেকে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে-তে বলা হয়েছে বিভিন্ন অবস্থায় এ পর্যন্ত ২৫টি কুকুরের মৃত্যুর তথ্য পেয়েছে তারা। ভেটেরিনারি ইনস্টিটিউট বলছে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার মতো দুটি উপাদান পাওয়া গেছে কিন্তু এটি নিশ্চিত নয় যে কুকুরগুলোর মৃত্যুর জন্য এটিই দায়ী কি না। এনআরকে বলেছে বিভিন্ন অবস্থায় এ পর্যন্ত ২৫টি কুকুরের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যদিও দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ সেটি নিশ্চিত করেনি। নরওয়ের ভেটেরিনারি ইনস্টিটিউট বলছে, তাদের প্যাথলজিস্টরা এমন একটি লক্ষণ পেয়েছে যা খাদ্যে বিষক্রিয়া বা ইঁদুরের বিষের মতো।

খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মুখপাত্র ওলে হারম্যান বলছেন, ‘অসুস্থতাকে কুকুরের জন্য মারাত্মক মনে হচ্ছে। কিন্তু এখনো নিশ্চিত নয় যে এটা সংক্রামক নাকি বিচ্ছিন্নভাবে কুকুরগুলো আক্রান্ত হচ্ছে।’ সংস্থাটি কুকুর মালিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।