গোমূত্র গোবরের ব্যবসায় আর্থিক সহায়তা দিচ্ছে মোদি সরকার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

শুধু দুধ নয়, গোমূত্র এবং গোবরের ব্যবসা করলে তরুণদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার। গোমূত্র এবং গোবরের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে। খবর জি নিউজের।

এতে বলা হয়েছে, ‘স্টার্ট আপ ইন্ডিয়ার’ আওতায় যারা গোসংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন, তাদের প্রাথমিক মূলধনের ৬০ শতাংশ সহায়তা করবে সরকার। গুজরাট প্রদেশের গান্ধীনগরে এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেছেন দেশটির রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে উত্সাহ দিতে শুধু দুধ বা ঘি নয়, গরুর বর্জ্যকে কাজে লাগিয়ে ব্যবসা করলে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে। তার কথায়, ওষুধ এবং সার তৈরিতে গোমূত্র ও গোবর ব্যবহার হয়। গোসংক্রান্ত ব্যবসায় সব ধরনের উত্সাহ দিতে কেন্দ্রীয় সরকার তত্পর রয়েছে বলে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন খাতিরিয়া।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার ফেব্রুয়ারিতে ৫০০ কোটি টাকার কামধেনু আয়োগ প্রতিষ্ঠা করে।