আগামীকাল পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড উদ্বোধন হবে। ঐদিন গণভবন থেকে টেলি-কনফারেন্সের মাধ্যমে শাখাগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই গুলশানের পুলিশ প্লাজায় প্রধান শাখাসহ ছয়টি শাখার মাধ্যমে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু হবে। ব্যাংকটির প্রধান কার্যালয় থাকবে গুলশানের পুলিশ প্লাজায়।
কমিউনিটি ব্যাংকের পরিচালক ও পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ব্যাংকটির কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
ব্যাংকটির আরেক পরিচালক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’ ব্যাংককে তপশিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ব্যাংকটির মালিকানা পুলিশ কল্যাণ ট্রাস্ট। ঐ বছরের মার্চ মাসে ব্যাংকটির অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে পুলিশ সদর দপ্তরের কল্যাণ ট্রাস্ট। তিনি আরো বলেন, ২০১৬ সালের ২৭ জানুয়ারি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে পুলিশ ব্যাংক গঠনের যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে প্রথম দাবি তোলা হয়। ঐদিনই প্রধানমন্ত্রী ব্যাংক করে দেওয়ার আশ্বাস দেন।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিহুল হক চৌধুরী জানান, গুলশান, দৈনিক বাংলা, নারায়ণগঞ্জের পঞ্চবটি, চট্টগ্রামের আগ্রাবাদ, শ্রীপুরের মাওনা ও হবিগঞ্জের নোয়াপাড়ায় ছয়টি শাখা নিয়ে ব্যাংকের কার্যক্রম শুরু হবে। গুলশানের পুলিশ প্লাজায় প্রধান কার্যালয় হবে। উদ্বোধনের দিন থেকেই শাখাগুলোর কার্যক্রম চালু হবে। তিনি আরো বলেন, অন্যান্য তপশিলি ব্যাংকের মতো এই ব্যাংকেও হিসাব খোলা, ঋণসহ সব সেবা সবার জন্য উন্মুক্ত থাকবে। সরকারি-বেসরকারি মিলে দেশে তপশিলি ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৫৯টি।
