জামিন হওয়ায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। এ ব্যাপারে সহকর্মীদের ভূমিকায় গর্ব অনুভব করেছেন উল্লেখ করে তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমার জামিন বাতিল হওয়ার পর বিচারব্যবস্থার মর্যাদা রক্ষার খাতিরে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন তার এক অনন্য নজির সৃষ্টি হলো। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আমার জামিন বাতিলের পর তারা সে সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে বিচারবিভাগীয় তদন্তও দাবি করেছেন। পরে সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতিবাদ ও ক্ষোভের মুখে একই ম্যাজিস্ট্রেট আমার জামিন মঞ্জুর করেছেন।’
বিবৃতিতে ব্যারিস্টার মইনুল আরো বলেন, ‘রাজনৈতিক মতানৈক্য সত্ত্বেও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা যে একতা প্রদর্শন করেছেন তাতে আমি অভিভূত।’
