ভাণ্ডারিয়ায় মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮

ভাণ্ডারিয়ায় ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালিকাদের ফুটবলে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২-১ গোলে ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মজিদা বেগম বালিকা বিদ্যালয়ের ছাত্রী মারিয়া ও মীম একটি করে গোল করে। বালক ফুটবলে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা ও ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার প্রমুখ।