গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চালক সোহান সিকদারকে (১৬) গলা কেটে হত্যা করা হয়েছে। ইজিবাইক থেকে চারটি ব্যাটারি খুলে নিয়ে যায় হত্যাকারীরা।
সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ভূমি অফিস সংলগ্ন পুকুর থেকে সোহানের লাশ উদ্ধার করে। রবিবার দিনগত রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সোহান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিলখী গ্রামের গোলাম সিকদারের ছেলে। এ ঘটনায় পুলিশ একই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের আলাল ফরাজীর ছেলে শাওন ফরাজীকে (২৫) আটক করেছে।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মীর সাজেদুর রহমান জানান, রবিবার রাতে শাওন শ্বশুবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে সোহানের ইজিবাইকটি ভাড়া করেন। রাতে সোহান বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে। সোমবার সকালে স্থানীয়রা সদর উপজেলার করপাড়ায় মধুমতি নদীর বিলরুট ক্যানেলের খাদে ফেলে দেয়া ইজিবাইক দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সোহানের ইজিবাইকটি উদ্ধার করে। ইজিবাইক উদ্ধার হওয়ার পর নিহতের স্বজনরা শাওনকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। ইজিবাইকের ব্যাটারিগুলো সে ১৮ হাজার টাকায় বিক্রি করেছে বলে জানায়।
