সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫টায় মেঘারকান্দি গ্রামের গিরীন্দ্র দাশের স্ত্রী সন্ধ্যা রানী দাশ (৬৮) বসত ঘরের লোহার গ্রিলের সঙ্গে থাকা বিদ্যুতের তারে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলের স্ত্রী সেবা রানী দাশেরও (২৩) মৃত্যু হয়।
জানা যায়, সোমবার বিকেল ৫টায় সন্ধ্যা রানী দাশ বসত ঘরের লোহার গ্রিলের সঙ্গে থাকা বিদ্যুতের তারে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সন্ধ্যা রানীকে বাঁচাতে তার ছেলের বউ রিংকু দাশের স্ত্রী অন্তঃসত্ত্বা সেবা রানী দাশ তাকে জড়িয়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ি দুইজনই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘চিরকুটে ভর্তি’ বানোয়াট: ঢাবি প্রশাসন
নিহত সন্ধ্যা রানী দাশের ছেলে রিংকু দাশ জানান, পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তার বসত ঘরের বারান্দায় লোহার গ্রিলের সঙ্গে পেছানো ছিল। বিদ্যুতের তার সট হয়ে গ্রিলের সাথে বিদ্যুতায়িত হলে প্রথমে তার মা সন্ধ্যা রানী দাশ এবং পরে তার স্ত্রী সেবা রানী দাশ বিদ্যুৎস্পৃষ্ট হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্ধ্যা রানী দাশ ও সেবা রানী দাশ এর হাসপাতালে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
