দুবাই প্রবাসীর স্ত্রীর দায়ের করা চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ার দুই দিন পর জামিনে বেরিয়ে সেই প্রবাসীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ। পরে জীবনের নিরাপত্তা চেয়ে প্রবাসীর স্ত্রী থানায় জিডি করেছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায়। দুবাই প্রবাসী নুরুল হুদা আবুর পৌনে ৬ কাঠা জমির ওপর নির্মিত টিনশেড ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ। চাঁদা চেয়ে জমি দখল ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে প্রবাসীর স্ত্রীর করা মামলায় গত ২৭ আগস্ট মোমতাজ উদ্দিন নামে একজন গ্রেফতার হয়। কারাগারে পাঠানোর দুদিনের মাথায় সে আবারও জামিনে বের হয়ে আসে। এসেই প্রবাসীর ছেলে ও স্ত্রীকে হুমকি দিতে থাকে। এ পরিপ্রেক্ষিতে প্রবাসীর স্ত্রী মোছাঃ নিলুফা বানু গত ১ সেপ্টেম্বর দক্ষিণখান থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেন।
জিডিতে নিলুফা বানু উল্লেখ করেন, তার মামলার আসামি আহসান হাবিব মুরাদ, হাবিবুর রহমান হাসান, মোমতাজ উদ্দিন, সুরুজ মিয়াসহ তাদের লোকজন এসে আশকোনার বাড়ির গ্যাস ও পানির সংযোগ নষ্ট করে যায়। এছাড়া তারা বাড়ির সীমানা-দেওয়াল পুনরায় ভেঙে হুমকি প্রদান করে। শুধু তা-ই নয়, দেওয়াল ভেঙে সবকিছু নিজের বাড়ির ভেতরে নিয়ে যায় মোমতাজের লোকজন। এরই ধারাবাহিকতায় বাড়িটির নির্মাণ কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে।
এর আগে গত বছরের ১০ এপ্রিল চাঁদার দাবিতে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে সন্ত্রাসী গ্রুপ। এতে প্রবাসীর স্ত্রী নিলুফা খানম বাদী হয়ে দক্ষিণখান থানায় মোমতাজ উদ্দিন, আহসান হাবিব মুরাদ, হাবিবুর রহমান, সুরুজ মিয়া ও বিপুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মোমতাজ উদ্দিন ওরফে মন্তাজ গতকাল এই প্রতিবেদককে বলেন, পৌনে ৬ কাঠা জমির মালিক মৃত জাহেদ আলী ও মৃত ফয়েজ আলীর ১৩ সন্তান। জমির মালিকানা দাবি করে ঐ ১৩ সন্তান বাদী হয়ে আদালতে মামলা করেছেন। দুবাই প্রবাসীর স্ত্রীও পালটা মামলা করেছেন। আদালতের রায়ই বলে দিবে, ঐ জমির প্রকৃত মালিক কে।
