মোহাম্মদ ইমরান নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:১১

বিদেশে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে গুরুত্বপূর্ণ রদবদল করা হচ্ছে। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার পদে পেশাদার কূটনীতিক মোহাম্মদ ইমরানকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত পদে কর্মরত। নয়াদিল্লিতে বর্তমানে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী নভেম্বর মাসে শেষ হবে। ২০১৪ সাল থেকে তিনি নয়াদিল্লিতে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তুরস্কে নিয়োজিত রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকীকে জাপানের টোকিওতে রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ডেনমার্কে বর্তমানে রাষ্ট্রদূত আবদুল মুহিতকে অস্ট্রিয়ায়, নেপালে রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসকে ডেনমার্কে রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হতে পারে।

সম্প্রতি রাশিয়ার মস্কোতে ১০ বছর ধরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী এস এম সাইফুল হককে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। মস্কোতে নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসানকে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, নেপালসহ অন্তত ১০টি মিশনে নতুন রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগ দেওয়া হবে বলে সূত্র জানায়।