দুর্নীতিবাজদের ক্রসফায়ারে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই দাবি জানিয়ে তিনি বলেন, ক্রসফায়ার যদি বৈধ হিসেবে ধরে নেন, তাহলে এদেরকে কেন ক্রসফায়ারে দিচ্ছেন না?’
সরকারের বিভিন্ন খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে হারুন বলেন, ডেঙ্গুতে সারাদেশ দিশেহারা। ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ সময় সরকার দলীয় এমপিরা হইচই করলে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সরকারের বিরুদ্ধে বলছি না। আপনারা সঠিকভাবে পদক্ষেপ নিন, এতে জাতি উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর প্রতি হারুনের কৃতজ্ঞতা
এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এমপি হারুন। প্রশ্ন করতে গিয়ে হারুন বলেন, সম্প্র্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে আমি থাকতে পারিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়? প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ায় আমি তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই আমি এমপি: বিএনপির এমপি সিরাজ
এদিকে, গতকাল সংসদে শুভেচ্ছা বক্তব্যে বিএনপির আরেক এমপি জি এম সিরাজ বলেছেন, আমি জনগণের প্রত্যক্ষ ভোটে এই সংসদে এসেছি। প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই আমি নির্বাচিত হয়েছি। সরকার চাইলে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়।
