বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে অবৈধ রাষ্ট্রপতি বলে; কিন্তু কেন অবৈধ রাষ্ট্রপতি বলে, এর কোনো ব্যাখ্যা দেন না। তিনি বলেন, আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে বাকশাল হয়েছিল; কিন্তু জিয়াউর রহমানের সময় এই বাকশাল থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছিল এবং তখন একটি আইন পাশ হয়েছিল ‘পলিটিক্যাল পার্টি রেজিলিউশন’ নামে। সেখানে আওয়ামী লীগের একজন নেতা আবেদন করে বাকশাল থেকে আওয়ামী লীগে ফিরে এসেছিলেন।
গতকাল সোমবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহিলা দলের আহব্বায়ক আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
