ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সুমন মিয়া। তিনি ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, অনেকদিন ধরে সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের অলি মেম্বার ও ইকবাল হোসেনের বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাতে ইকবালের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে অলি মেম্বারের অনুসারীদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা সুমন ও আওয়াউলকে গুলি ও বাকিদের টেঁটা ও রাম দা দিয়ে কুপিয়ে আহত করে।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকায় রেফার্ড করা হয়। তারা হলেন- আব্দুল আওয়াল, কামরুজ্জামান, জালাল মিয়া, মনির হোসেন ও করিম। হতাহতরা সবাই অলির সমর্থক বলে জানা গেছে। ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি

