আয়নায় দেখা মুখ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭

নামটা তার মাসুমা রহমান নাবিলা, কিন্তু তিনি ‘আয়নাবাজি’র নাবিলা হিসেবেই সারাদেশে সমাদৃত। দীর্ঘদিন ধরেই কাজ করছেন নাটক ও মডেলিংয়ে। উপস্থাপনা ও বিজ্ঞাপনেও দেখা মিলেছে তার।

শোবিজের সব অঙ্গনেই আলোর দ্যুতি ছড়িয়েছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। কিন্তু তার ক্যারিয়ারে বসন্তের উন্মাদনা এনে দিল ‘আয়নাবাজি’ ছবিটি। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছেন।

মাঝেমধ্যে উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও নাটকে তার দেখা মেলে খুবই কম। বিশেষ দিবস উপলক্ষে দুয়েকটা নাটকে নতুনত্ব নিয়ে হাজির হন। নাবিলার ভাষ্য, ‘আমি নাটকে খুবই কম অভিনয় করি। বেসিক্যালি, আমি নাটকের মানুষ না। আমি উপস্থাপনা করি। অভিনয়টা খুব মন থেকে এলেই করি, না হলে করি না। আমি আসলে কাজ করার জন্য কাজ করি না। যেকোনো কাজ করার ক্ষেত্রেই যদি আমার ভালো লাগে, আমার মন বলে যে, আমি এই কাজটা করব, তাহলেই আমি সেই কাজটা করি, নয়তো করি না। আরেকটা বিষয় হলো, নাটকের গল্প ও চরিত্র। যত ধরনের গল্প হচ্ছে এখন, তার প্রায় সবই একরকম কোনো না কোনো দিক থেকে। ভ্যারিয়েশন যদি না থাকে তাহলে সেটাতে কাজ করি না।’

নাটকের বাইরে বিজ্ঞাপনেও সরব এই অভিনেত্রী। তবে সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী তিনি। তাই কম হলেও মানসম্মত কাজগুলোই করার চেষ্টা করেন। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে নতুন তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন নাবিলা। ওয়ালটনের ব্লেন্ডার, ওয়াশিং মেশিন ও মাল্টি কুকার—এই তিনটি আলাদা আলাদা প্রোডাক্টের বিজ্ঞাপনচিত্রের মডেল হন তিনি। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরেফিন শুভ। প্রথমবারের মতো শুভর সঙ্গে জুটি বেঁধে কাজের অভিজ্ঞতা বেশ দারুণ বলেই জানান তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেন তৌহিদ মিতুল।

নাবিলা বলেন, ‘একটা কাপলকে নিয়ে তিনটি আলাদা আলাদা প্রোডাক্টের কাজ। একই কাপলকে নিয়ে যখন অনেকগুলো কাজ করা হয় একসঙ্গে, সেটা বেশ ইন্টারেস্টিং হয়। কাজটি করে আমার বেশ ভালো লেগেছে।’

এর আগে গত রোজার মাসে এলপি গ্যাসের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন।

অনেকদিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না নাবিলাকে। প্রথম ছবি ‘আয়নাবাজি’র পর নতুনত্ব নিয়েই হাজির হবেন বলেই ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন। তবে চলতি বছরেই নতুন ছবির ঘোষণা দেবেন বলে জানান এই অভিনেত্রী।

বড় পর্দায় নিজের নতুন খবর না আনলেও নিয়মিতই হলে গিয়ে ছবি দেখার চেষ্টা করেন তিনি। সর্বশেষ হলে গিয়ে ছবি দেখেছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’ সিনেমাটি। এর আগে ‘দহন’ ও ‘পোড়ামন ২’ দেখেছিলেন। ‘দহন’ ছবিতে সিয়াম আহমেদের অভিনয় দেখে মুগ্ধ হন এ অভিনেত্রী। তারপর থেকেই মনে মনে ইচ্ছে পোষণ করেন বড় পর্দায় সিয়ামের সঙ্গে জুটি বাঁধার।

বিষয়টি নিয়ে আগ্রহের সঙ্গে নাবিলা বলেন, ‘সিয়ামের ‘দহন’ ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সেখানে তার অভিনয়, লুক সবকিছুই ছিল চোখে লাগার মতো। খুব সুন্দর অভিনয় করেছে। তারপর থেকেই সিয়ামের সঙ্গে কাজ করার ইচ্ছা জেগেছে। সুযোগ হলে চলচ্চিত্রে সিয়ামের সঙ্গে কাজ করতে চাই। যদি সে রকম কোনো প্রস্তাব আসে, তাহলে অবশ্যই করব।’