কণ্ঠশৈলীর গুণে খুব অল্প সময়েই শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছেন, তিনি কর্ণিয়া। ২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এ প্রথম রানার আপ হওয়ার মাধ্যমেই শ্রোতা-দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। এরপর শুধুই এগিয়ে যাওয়ার পালা। বর্তমানে সংগীতের টিনেজ সেনসেশন তিনি। ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে কর্ণিয়ার পরিচিতি এলেও সংগীতের সঙ্গে তার সখ্য ছোটবেলা থেকেই। মা সেলিনা আক্তারের কাছেই তার প্রথম সংগীতের অ-আ-ক-খ শেখা। এরপর সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন ছায়ানট থেকে। সে হিসেবে ক্লাসিক্যাল ও নজরুল সংগীতের ওপর তার বেশ ভালো দখল রয়েছে। তবে এর পাশাপাশি আধুনিক গানের প্রতিও দুর্বলতা ছিল তার। শুধু কণ্ঠই নয়, পারফরম্যান্সেও তিনি অনবদ্য। তাই মঞ্চেও তিনি আলোড়ন জাগানিয়া শিল্পী। ফিমেল সিঙ্গারদের মধ্যে রক প্যাটার্নের গান করেন, এমন সংখ্যা খুবই কম। এখানেই কর্ণিয়া অন্য অনেকের চেয়ে আলাদা। গতানুগতিক পথে পা না বাড়িয়ে একটু ভিন্ন পথে এগিয়েছেন তিনি, মাতোয়ারা করছেন সংগীতাঙ্গন।সম্প্রতি নতুন একটি সিনেমায় প্লেব্যাক করেছেন কর্ণিয়া। সিনেমার নাম ‘ডেঞ্জারজোন’। পরিচালক বেলাল সানি। শওকত আলী ইমনের সুর-সংগীতায়োজনে ‘মাস্তি হবে আজ’ শিরোনামের গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত কর্ণিয়া। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমার সবচেয়ে প্রিয় কিংবদন্তি ইমন ভাইয়ের সঙ্গে সিনেমার গান করলাম। আমার স্বপ্ন ছিল, তার সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এটা একটা পার্টি সং। সিনেমায় প্লেব্যাকের মজাটাই অন্যরকম। তবে তা একটু কষ্টসাধ্যই বটে। সিনেমার গল্পের সঙ্গে মিলিয়ে একটা থিম থাকে, সেটা মাথায় নিয়ে গান করতে হয়। মাঝেমধ্যে বিভিন্ন রকম ভয়েস দিতে হয়। সবকিছু মিলিয়ে প্লেব্যাক করাটা বেশ এনজয় করি।’
‘পাওয়ার ভয়েস’-এ থাকাকালীনই ২০১৩ সালে প্রথম প্লেব্যাক করেন কর্ণিয়া। তখন ‘রাঙামন’ ছবিতে ‘পাওয়ার ভয়েস’-এর আরেক শিল্পী রাজুর সঙ্গে তিনি গানটি করেন। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’ ছবিতে একটি সলো গান, তন্ময় তানসেনের ‘রানআউট’ ছবিতে রূপমের সঙ্গে ডুয়েট একটি গান এবং ‘পুড়ে যায় মন’ ছবিতে ‘ওরে প্রিয়া’ শিরোনামের একটি গান করেন। সর্বশেষ রেজওয়ান শেখের সংগীত পরিচালনায় ‘ধকল’ ছবিতে ইবরার টিপুর সঙ্গে একটি ডুয়েট গান করেন। এছাড়াও সবমিলিয়ে ১৭-১৮টি ছবিতে প্লেব্যাক করেছেন এই গায়িকা। সম্প্রতি ‘খেয়ালি মন’ শিরোনামের একটি গানের কাজ শেষ করেছেন তিনি। তারেক আনন্দের কথায় গানটির সুর ও সংগীত করেছেন হূদয় হাসিন। খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও করা হবে। এছাড়া নিজের তিনটি সলো গানের কাজও শেষ করেছেন বলে জানান কর্ণিয়া। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করবেন।
