এই সময়ের ছড়া

হালের শিশুর খেলার মাঠ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০

এখন শিশু খেলতে কোথায় যাবে

কোথায় গেলে খেলার মাঠ সে পাবে?

চারিদিকে দালান সারি সারি

ইলেক্ট্রনিক পণ্যে ভরা বাড়ি—

 

মোবাইল ফোন থাকে শিশুর হাতে

খেলার বড়ো মাঠ রয়েছে তাতে,

সেই মাঠে রয় কত গেম বা খেলা—

তাই নিয়ে সে কাটায় সারা বেলা।

 

এমন খেলায় নাই শরীরের কাজ

চোখের পাতায় পড়ে না তার ভাঁজ,

এই কারণে যায় সে অলস হয়ে

দৃষ্টিও তার যাচ্ছে ক্রমে ক্ষয়ে।

 

এইভাবে কি মানুষ হওয়া যায়—

প্রতিকারে নাই কি কারোর দায়?