লাউতারো মার্টিনেজের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে আর্জেন্টিনা মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে। দিনের অন্য প্রীতি ম্যাচে ব্রাজিলকে ১৭ ম্যাচ পর হারের বিস্বাদ দিয়েছে কোপা আমেরিকা ফাইনালিস্ট পেরু।
আর্জেন্টিনা গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়েছিল। ১৭, ২২ ও ৩৯ মিনিটে লাউতারোর হ্যাটট্রিকের মধ্যে ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
ম্যাচের বাকি সময়ে মেক্সিকোর রক্ষণ আরো বহুবার ভাঙলেও গোলের দেখা পায়নি কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবুও আর্জেন্টাইন কোচ ম্যাচের পারফরম্যান্সকে নিখুঁত হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমরা জানতাম যে, মেক্সিকো আক্রমণাত্মক ফুটবলই খেলতে চাইবে। আমরা খুব দ্রুত কিছু সুযোগ সৃষ্টি করেছিলাম, আমরা খুশি কারণ নিখুঁত একটা ম্যাচই খেলেছি আমরা।’
তিন বছর আগে কোপা আমেরিকায় দারুণ দলীয় নৈপুণ্যে ভর করে ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। সেবার চিলির কাছে হারের পর বিদায় নিয়েছিলেন তত্কালীন কোচ টাটা মার্টিনো। এরপর আর্জেন্টিনা এদুয়ার্দো বাউজা আর হোর্হে সাম্পাওলির অধীনে খেলোয়াড়রা ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও দলীয় ছন্দটা খুঁজে পাওয়া যায়নি। স্ক্যালোনির আর্জেন্টিনায় ফিরেছে সেই দলীয় ছন্দ।
এ ব্যাপারে কোচ স্ক্যালোনির ভাষ্য, ‘আমরা একটা দল এমন একটা অনুভূতি আমরা ছড়িয়ে দিতে পেরেছি, এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ। সবাই সতীর্থদের জন্য এবং আর্জেন্টিনা জাতীয় দলে থাকার জন্য প্রাণপণ খেলেছে।’
প্রীতি ম্যাচ বলেই ফলাফলটা গুরুত্বপূর্ণ ছিল না বলে জানান স্ক্যালোনি, ‘আমি এখনো ভাবি যে ফলাফলটা গৌণ ব্যাপার। দলের সবাই যেন নিজেদের শক্তিশালী ভাবে এটাতেই জোর দিতে চেয়েছি আমরা, যে খেলছে না সেও যেন হ্যাটট্রিক করা লাউতারোর মতো আত্মবিশ্বাসী থাকে সেটাই চেয়েছি আমরা।’
এমন পরাক্রমশালী জয়ের পরেও তৃপ্ত নন আর্জেন্টাইন কোচ। দলকে আরো শক্তিশালী করে তোলাই লক্ষ্য তার। স্ক্যালোনি বলেন, ‘আমরা এই জাতীয় দলটাকে আরো পরাক্রমশালী রূপে দেখতে চাই, যেন প্রতিপক্ষ আমাদের সমীহ করে। কিছু কিছু সময় আসে যেখানে আপনার খেলোয়াড় বদলের প্রয়োজন পড়ে। এবং তারা সেটার জন্য তৈরি।’
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল গেল বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ক্রমেই অদম্য হয়ে উঠেছিল। মাঝে কোপা আমেরিকার ফাইনালে পেরুকে হারিয়ে এক যুগ পর শিরোপাও পুনরুদ্ধার করেছিল দলটি। সেই পেরুর কাছেই গতকাল তাদের ১৭ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে গতকাল ম্যাচটির অন্তিম সময়ে পেরু ফরোয়ার্ড লুইস আব্রামের গোলে জয় পায় পেরু। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে অভিষেক হয় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের। খেলায় বেশ কিছু সুযোগ নষ্ট করলেও কোচ তিতে বেঞ্চের গভীরতা বাড়াতে আরো সুযোগ দিতে চান তরুণ এই ফরোয়ার্ডকে।
তিতে বলেন, ‘সে এখানে এসেছে আমাদের আরও গভীরতা দিতে। সে নেইমারের সঙ্গে মিলে খেলেছে। তার কিছুটা ফাঁকা জায়গা প্রয়োজন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেবে সে। ধীরে ধীরে সে মানিয়ে নেবে।’
