যুব এশিয়া কাপ সেমিফাইনাল

আবারও বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

আফগানিস্তান যেনো পিছু ছাড়ছে না বাংলাদেশের। পরপর দুই দিন টেস্টে ও ফুটবলে আফগানিস্তানের বিপক্ষে হারের ক্ষত এখনো বাংলাদেশের শুকায়নি। এর মধ্যেই যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মঙ্গলবার শ্রীলঙ্কা যুব দলকে ৪২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে আকবর আলীর দল। আজকের অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত।

নেপাল ও আরব আমিরাতের বিপক্ষে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ যুব দল। মঙ্গলবারের ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এর আগ পর্যন্ত শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট ছিল সমান। এই ম্যাচে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি স্বাগতিক লঙ্কানরা।

আগে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে সাত উইকেটে ২৭৩ রান করে বাংলাদেশ। জবাবে রাকিবুল, শরিফুল, আশরাফুলদের বোলিংয়ে ২৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। কিন্তু শুরুটা খুব ভালো হয়নি। এক প্রান্তে মাহমুদুল হাসান জয় মারকুটে ব্যাটিং করে গেলেও অন্য প্রান্তে দুই উইকেট হারিয়ে ফেলে তারা ৫৬ রানে। এরপর জয়ের সঙ্গে যোগ দেন তৌহিদ হূদয়। দুই জনে ১২১ রানের জুটি করেন। হূদয় ৭৫ বলে চারটি চারে সাজানো ৫০ রানের ইনিংস খেলে ফেলেন। এরপরও লড়াই চালিয়ে গেছেন জয়।

শেষ পর্যন্ত ১৪০ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ১২৬ রানের ইনিংস খেলে আউট হন জয়। শেষ দিকে শামীম হোসেনের ১৭ বলে ২২, আকবর আলীর ১১ বলে ১৪ ও শাহাদাতের ৯ বলে ১২ রানে বড়ো স্কোর পায় বাংলাদেশ।

জবাব দিতে নামা শ্রীলঙ্কাকে কখনোই স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শুরুতেই পারানাভিতানার উইকেট তুলে নেন শরিফুল। এরপর রাসান্থার উইকেট নেন আশরাফুল। মিশ্র ও বিক্রামাসিংহে ৩৩ করে রান করেন। রাকিবুল ও শামীম ফেরান এই দুই জনকে। ৩৬ রান করেন অধিনায়ক পেরেরা। তাকে দ্বিতীয় শিকারে পরিণত করেন আশরাফুল। শেষ দিকে এসে সঞ্জয়া ৩৬ বলে ৪২ রানের ইনিংস খেলে ব্যবধান কমানোর চেষ্টা করেন।

বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪৯ রানে তিন উইকেট তুলে নেন। এছাড়া শরিফুল ও আশরাফুল দুটি করে উইকেট নেন। আর শামীম ও মৃত্যুঞ্জয় নেন একটি করে উইকেট।