হতাশ হওয়ার কিছু নেই পাপন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ দল। টেস্টের সেই অভিজাত আঙ্গিনায় একেবারেই নবীন আফগানিস্তান। কিন্তু সেই আফগানরাই মাত্র তৃতীয় টেস্ট খেলতে এসে হোম কন্ডিশনে বাংলাদেশকে হারের লজ্জায় ডুবিয়েছে। চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে পরাজিত করেছে রশিদ খানের দল।

শুধু হারই নয়, গোটা ম্যাচ জুড়েই বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছে আফগানরা। ব্যাটে-বলে রশিদ-আসগরদের কাছে পাত্তাই পায়নি সাকিব আল হাসানের দল। দেশের মাটিতে সাকিবদের এই হার পীড়াদায়ক ছিল ক্রিকেটপ্রেমীদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন ক্রিকেটমোদিরা।

যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, দুঃখজনক হলেও আফগানদের কাছে এই হারে হতাশ হওয়ার কিছু নেই। এবং বাংলাদেশের ক্রিকেটে এটিই সবচেয়ে কষ্টের ঘটনা নয়। তার আশা, দ্রুতই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

চট্টগ্রামে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দলের অনাকাঙ্ক্ষিত হার প্রসঙ্গে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই টেস্ট ম্যাচটি হেরেছি এটি আসলেই দুঃখজনক। এমন কষ্ট এর আগেও আমরা পেয়েছি। তবে এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে কষ্টকর নয়। এই ক্রিকেটে আমরা যেমন অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, তেমন অনেকবার কষ্ট পেয়েছি। এটি কিন্তু সবথেকে কষ্টের নয়।’

এখনই হতাশ হতে চান না বিসিবি সভাপতি। পাপন বলেছেন, ‘অনেক বেশি কষ্ট লেগেছে, অত্যন্ত খারাপ লেগেছে। কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নেই।’ ব্যাটসম্যানরা রান না করতে পারলে কোনো দেশের সঙ্গেই জেতা সম্ভব নয় উল্লেখ করে পাপন বলেন, ‘কোনো দেশের সঙ্গেই আমরা যদি ২০০ রানও করতে না পারি এক ইনিংসে তাহলে জিততে পারব না, এটি ধরে নিতে হবে। ১৭০ আর ২০০ রান করে টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। পারিনি, যদি করতে না পারি তাহলে এমনই হবে।’

বিসিবি সভাপতি মনেপ্রাণে বিশ্বাস করেন, চট্টগ্রাম টেস্টের ম্রিয়মাণ পারফরম্যান্সই বাংলাদেশ দলের আসল ছবি নয়। গতকাল পাপন বলেছেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের এ অবস্থা না। এটি আমাদের আসল চিত্র না।’

টেস্টে রান পাননি মুশফিক, মাহমুদউল্লাহরা। অথচ তারাই ছিলেন দলের ব্যাটিংয়ের মূল ভরসা। পাপন মনে করেন না, মাহমুদউল্লাহরা শেষ হয়ে গেছেন। তিনি বলেছেন, ‘হয়তো অনেকেই ভাবছেন যে, তারা শেষ হয়ে গেছে। কিন্তু না, আমি এখনো মনেপ্রাণে বিশ্বাস করি যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা যেকোনো দলের বিরুদ্ধে, যেকোনো বোলারের বিরুদ্ধে সেঞ্চুরি করতে পারে।’ দেশের মাটিতে বাংলাদেশ টেস্টে হারিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে। আফগানদের কাছে সাকিবদের হারকেও এভাবেই দেখতে চান বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘আমরা যখন ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছি ঐ সময়ে আমরা ছিলাম টেস্টের তলানিতে। এরপর ওপর সারির দলগুলো যখন আমাদের কাছে হেরে গেছে ওরা শেষ হয়ে যায়নি। ইংল্যান্ড এবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এত হতাশ হওয়ার কিছু দেখছি না আমি। পারফরম করতে হবে এবং আমি বিশ্বাস করি, আমাদের ছেলেদের সেই প্রতিভা আছে।’

গতকাল ড্রেসিংরুমে দলের সঙ্গে মিটিং করেছেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের সাহস জুগিয়েছেন, উত্সাহ দিয়েছেন তিনি। পাপন বলেছেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। খেলায় হার-জিত আছে। আমাদের সামনে টি-টোয়েন্টি সিরিজ। আমরা সেটা জিতব। আমি ওদের বলেছি, হারো বা জিতো— সাহস নিয়ে খেলবা।’