নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

ডিশ ব্যবসাকে কেন্দ্র করে মো. রহুল আমিন নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষ। বুধবার নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার জবা টেক্সটাইল মিলের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রহুল আমিন একই মহল্লার বিল্লাল মিয়ার ছেলে।

নিহতের ছোটো ভাই আলামিন বলেন, রুহুল আমিন এলাকায় ডিশের ২০০-৩০০ সংযোগের দায়িত্ব নিতে চেয়েছিল। এ নিয়ে কয়েক দিন আগে স্থানীয় ডিশ ব্যবসায়ী সারোয়ার হোসেনের ছেলে তানজিল ও কর্মচারী মনিরের সঙ্গে তার ঝগড়া হয়। এরই জেরে তারা রুহুল আমিনকে পাশের মাঠে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। রুহুল আমিনের চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এম এন মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে রুহুল আমিন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। তার বুক, পিঠ ও পাঁজরসহ শরীরের ১০-১২টি স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পাংশায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর পাংশায় শওকত আলী মণ্ডল নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শওকত আলী মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য এবং বাগদুলী গ্রামের মৃত নজির আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শওকত আলী মণ্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিত্সক ডা. অজয়ের ফার্মেসিতে বসেছিলেন। এমন সময় দুবৃর্ত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পাংশা হাসাপাতালে নিলে চিকিত্সক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তর করেন। সেখানে রাত ৩টার দিকে তিনি মারা যান।

পাংশা থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, সেটা এখনো জানা যায়নি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।