সুজানগরে বখাটের উপদ্রব বৃদ্ধির অভিযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

সুজানগরে বখাটেদের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রীদের অভিভাবকরা। এতে করে চিন্তিত হয়ে পড়েছেন তারা।

উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী অভিভাবক হারুন অর রশিদ ও আমজাদ মোল্ল­াসহ অনেকে জানান, ক্লাস শুরুর আগে এবং ছুটির পরে কতিপয় বখাটে বিদ্যালয়ে যাতায়াতের সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার সময় এবং ছুটির পরে বাড়ি ফেরার সময় বখাটেরা তাদের উদ্দেশ্য করে নানা ধরনের কটূক্তি করে। আবার কখনো কখনো বখাটেরা ছাত্রীদের পথরোধ করে প্রেম নিবেদন করে থাকে বলেও তারা জানান। এমতাবস্থায়, মেয়েকে বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকরা বখাটেদের ভয়ে চিন্তিত থাকেন।

অভিভাবকদের দাবি, বখাটেদের উপদ্রব সবচেয়ে বেশি বৃদ্ধি পয়েছে সুজানগর পৌর শহরে। এ শহরের একদম পাশে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সুজানগর এনএ ডিগ্রি কলেজ এবং সুজানগর মহিলা ডিগ্রি কলেজ রয়েছে।

ঐ সকল বিদ্যালয়ের একাধিক ভুক্তভোগী ছাত্রী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, বখাটেরা ক্লাস শুরুর আগে ও ছুটির পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আশপাশে, সুজানগর পৌর ভূমি অফিসের পেছনে, কুঠিপাড়া মোড়ে এবং এনএ কলেজের পশ্চিম পাশে দাঁড়িয়ে থেকে তাদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। এমনকি মাঝেমধ্যে তারা তাদের অশ্লীল প্রস্তাব দিয়ে থাকে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, বখাটেদের ব্যাপারে থানা পুলিশের চোখকান খোলা আছে। বখাটে এবং ইভটিজাররা পুলিশের হাত থেকে রেহাই পাবে না।