শেরপুরে ১৭ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে পৌর শহরের দিঘারপাড় এলাকার বলবল বাজারের একটি পরিত্যক্ত গোডাউন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা সকলেই বিভিন্ন মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শেরপুর শহরের দিঘারপাড় এলাকার বলবল বাজারে নাশকতার উদ্দেশ্যে শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে দুটা থেকে ভোর চারটা পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় পরিত্যক্ত গোডাউন থেকে বৈঠকরত ১৭ জন শিবির কর্মীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে অসংখ্য জিহাদি বই, লিফলেট, দেশীয় অস্ত্র-শস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
