তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সড়ক দুর্ঘটনাকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে আখ্যায়িত করে দুর্ঘটনা রোধে গণসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বুধবার রাজধানীর শ্যামলীতে বেসরকারি হাসপাতাল ট্রমা সেন্টারে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ইয়ামিন আলভীকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। আলভী সড়ক দুর্ঘটনায় কিছুদিন আগে নিহত দেশের বরেণ্য সুরকার পারভেজ রবের সন্তান।
মন্ত্রী বলেন, ‘আমি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা গড়ে তুলতে চালক, যানবাহন মালিক, পরিবহন শ্রমিক এবং দেশবাসীসহ সকলের প্রতি আহ্বান জানাই।’ তিনি বলেন, অনেক চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাছাড়া সড়ক ব্যবহারকারী বা পথচারী ও চালকদের অসচেতনতার কারণেও সাধারণত দুর্ঘটনা হয়। তিনি বলেন, পরিবহন শ্রমিকদের অদক্ষতা, ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা, কারিগরি ত্রুটি, অতিরিক্ত গতি, ওভার টেকিং ও অতিরিক্ত মালামাল পরিবহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি বলেন, অনেক চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। তারা ভুয়া লাইসেন্স দিয়ে পরিবহন চালক হিসাবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে তারাই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।
মন্ত্রী আহত আলভীর দুর্ঘটনাকে সন্দেহ প্রকাশ করে বলেন, এটা নিছকই একটা সড়ক দুর্ঘটনা নয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের দুর্ঘটনায় সংগীত পরিচালক ও সুরকার পারভেজ রব নিহত হন। অপরদিকে শনিবার ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বাসের চাপায় পারভেজ রবের সন্তান আলভী আহত এবং আলভীর বন্ধু মাহমুদ নিহত হয়।
