ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত মুহূর্তের রেকর্ডকৃত অডিও’র অনুলিপি প্রকাশ করা হয়েছে। সোমবার তুর্কি দৈনিক সাবাহ’র এক প্রতিবেদনে ঐ হত্যাকাণ্ডের পূর্বমুহূর্তে খাশোগি ও কিলিং স্কোয়াডের মধ্যকার কথোপকথনের বিস্তারিত অনুলিপি প্রকাশ করা হয়। খবর আল-জাজিরার
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা ঐ রেকর্ডিংটি সংগ্রহ করেছে। পরে সোমবার ঐ রেকর্ডিংটা প্রকাশ করে জাতীয় দৈনিক সাবাহ। তাদের এক প্রতিবেদনে হত্যার ঠিক আগে খাশোগি ও ১৫ সদস্যের কিলিং স্কোয়াডের মধ্যকার কথোপকথনের চূড়ান্ত মুহূর্তের অডিও অনুলিপি প্রকাশ করা হয়েছে।
দৈনিক সাবাহর প্রতিবেদন অনুসারে অনুলিপিতে কনস্যুলেটে খাশোগির প্রবেশের সময় তাকে এক পরিচিত কর্মকর্তা অভিবাদন জানান। পরে টেনে তাকে একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তা ও যুবরাজ সালমানের দেহরক্ষী মাহের আব্দুল আজিজ মুদরিব বলেন, ‘অনুগ্রহ করে বসুন। আপনাকে আমাদের (রিয়াদ) ফিরিয়ে নিয়ে যেতে হবে। ইন্টারপোল থেকে একটা নির্দেশ আছে। আপনাকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে ইন্টারপোল। আমরা এখানে এসেছি আপনাকে নিয়ে যেতে।’ খাশোগি জবাবে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমার বাগ্দত্তা বাইরে আমার জন্য অপেক্ষা করছেন।’
গত বছরের ২ অক্টোবর খুন হন জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে অঙ্গুলি ওঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।
