জিম্বাবুয়ের জাতির পিতা ও স্বাধীনতা পরবর্তী প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মরদেহ ভাড়া করা বিমানে গতকাল বুধবার সিঙ্গাপুর থেকে হারারে’তে আনা হয়েছে। আগামী শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে এবং পরদিন রবিবার তাকে সমাহিত করা হবে।
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন রবার্ট মুগাবে। মরদেহ যে ফ্লাইটে আনা হয়েছে তাতে তার স্ত্রী গ্রেস মুগাবে এবং ভাতিজা লিও মুগাবে ছিলেন। বিমানবন্দর থেকে মরদেহ হারারের ‘ব্লু রুফ’ নামে পরিচিত মুগাবের বাড়িতে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার তার মরদেহ এমবেয়ার শহরের রুফারো স্টেডিয়ামে রাখা হবে। জিম্বাবুয়ে স্বাধীন হওয়ার পর তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এখানেই শপথ নিয়েছিলেন। শনিবার তার রাষ্ট্রীয় শেষকৃত্য হবে হারারের ন্যাশনাল স্টেডিয়ামে।
দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক নেতাকে হারারের ‘হিরো একরে’ সমাহিত করা হবে। যদিও বিবিসির খবরে বলা হয়েছে, জায়গা নিয়ে এখনো দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, মুগাবে চাননি তাকে যারা ক্ষমতাচ্যুত করেছেন তারাই তার শেষকৃত্য পরিচালনা করুক। এজন্য একান্ত অনুষ্ঠানের মাধ্যমে তার গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হতে পারে।
