ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ৬ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, আসামি প্রকাশ্য দিবালোকে একটা মেয়েকে ছুরি মেরে হত্যা করেছে। তার এমন সাজা হওয়া উচিত যেন ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়। আমরা তার সর্বোচ্চ সাজা আশা করছি। রিশার বাবা রমজান হোসেন বলেন, আমরা আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাস্তি না পেলে এ রকমের অপরাধ আরো ঘটবে। মেয়ে হত্যার বিচার পাব—এ আশায় তিন বছর ধরে আমরা আদালতের বারান্দায় ঘুরছি। আমাদের একটাই দাবি, ওবায়দুলের ফাঁসি চাই।
২০১৬ সালের ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুট ওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চার দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রিশার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ওবায়দুল হককে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত রাষ্ট্রপক্ষের ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছে। আসামি বর্তমানে কারাগারে রয়েছে।
