রূপগঞ্জে জাহাজের পাখার সঙ্গে পেঁচিয়ে গিয়ে লস্করের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

রূপগঞ্জে জাহাজের পাখার সঙ্গে পেঁচিয়ে গিয়ে সজীব (২২) নামে এক লস্করের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাজীপাড়া এলাকায় পদ্মা দীঘি-২ নামে একটি জাহাজে এ ঘটনা ঘটে। নিহত সজীব যশোর জেলার চৌগাছা থানার কুলিয়া এলাকার খোরশেদ ব্যাপারীর ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ফরিদ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পদ্মা দীঘি-২ নামক জাহাজটি সয়াবিনের দানা নিয়ে উপজেলার কাজীপাড়া এলাকার একটি জেটিতে আসে। বুধবার দুপুরে লস্কর সজীব জাহাজটি নোঙ্গর করতে নিজের কোমড়ে দড়ি বেধে সাঁতরিয়ে জাহাজের কিনারায় যান। এসময় নোঙরের দড়ি জাহাজের পাখার সঙ্গে আটকে সজীবকে পাখার কাছে টেনে নিয়ে যায়। একপর্যায়ে পাখার সঙ্গে পেঁচিয়ে গিয়ে সজীবের মৃত্যু হয়। পরে জাহাজের কর্মকর্তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জাহাজের মাস্টার ও চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।