দুদক কমিশনার সেজে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন প্রতারক গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৭

চাকরির তদবিরের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার সেজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোন করে ধরা পড়েছেন মাহমুদুল হাসান সুমন নামে এক প্রতারক। মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার তাকে গ্রেফতার করে। গতকাল বুধবার দুপুরে তাকে নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, প্রতারক সুমন গত মঙ্গলবার দুপুরে দুদক কমিশনার মোজাম্মেল হক খান পরিচয় দিয়ে মন্ত্রী মহোদয়কে (স্বরাষ্ট্রমন্ত্রী) ফোন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে ফোন করে প্রাথমিক বিদ্যালয়ে একজনকে শিক্ষক নিয়োগের বিষয়ে তদবির করার অনুরোধ জানান।

শরীফ মাহমুদ অপু আরো বলেন, কিন্তু মোজাম্মেল হক খান এক সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার কণ্ঠ মন্ত্রী মহোদয়ের চেনা। ঐ ব্যক্তির কণ্ঠ মোজাম্মেল হক স্যারের মতো মনে হয়নি মন্ত্রীর। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জননিরাপত্তা বিভাগের সচিবসহ অন্যদের বিষয়টি জানান। সচিব স্যারও কৌশলে ঐ ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি দুদকের কমিশনার নন। পরে মোবাইল নম্বরটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিলে তারা ঐ ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি বলেন, ঐ প্রতারককে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আনা হয়। তার বাড়ি  লক্ষ্মীপুর সদরে বলে জানিয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের ‘রিগ্যান ইনভেস্টিগেশনস’ নামে একটি সংস্থার বাংলাদেশের প্রধান ইনভেস্টিগেটর হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তিনি প্রাইভেট ইনভেস্টিগেটর বলে পরিচয়পত্রে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি দুদক কমিশনার মোজাম্মেল হক খানকেও জানানো হয়। মোজাম্মেল হক খানকে দেখানোর জন্য বিকাল ৪টার দিকে সুমনকে সচিবালয় থেকে দুদকে নেওয়া হয়েছে।