ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আস্থার সংকট ঘনীভূত হচ্ছে :টিআইবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া শিক্ষার্থী ভর্তির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি বলছে, উত্থাপিত অভিযোগের ফলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভর্তি প্রক্রিয়া নিয়ে আস্থার সংকট আরো ঘনীভূত হয়েছে। গতকাল বুধবার টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক শেখ মন্জুর-ই-আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় পরীক্ষা ছাড়াই উপাচার্যের চিরকুট ও ডিনের সহযোগিতায় ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তি হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় টিআইবি।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ সঠিক হলে তা হবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। উত্থাপিত অভিযোগ বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যত্ তথা মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সকল প্রত্যাশার জন্য অশনিসংকেত।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বের অবস্থাকে রাজনৈতিক বা অন্য কোনো সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে পরিণত করার যে কোনো প্রয়াসকে প্রতিহত করার প্রত্যাশা জানিয়ে টিআইবি নির্বাহী মহাপরিচালক বলেন, ‘গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে যুগোপযোগী বৈশ্বিক প্রেক্ষিতে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য যুব সমাজের যে স্বপ্ন তা ধূলিস্যাত্ হবে। রাজনৈতিক বিবেচনায় বা অন্য কোনো সাময়িক সুবিধা অন্বেষী-স্বার্থান্বেষী চক্রান্তের কাছে জিম্মি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ধরনের আত্মঘাতী অবস্থান প্রতিরোধের আহ্বান জানায় টিআইবি।’