জড়িতদের পদত্যাগ দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় পরীক্ষা ছাড়াই উপাচার্যের চিরকুট ও ডিনের সহযোগিতায় ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তি হওয়ার ঘটনায় জড়িতদের পদত্যাগ দাবিতে ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করে। একই দাবিতে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বুধবার দিনভর এসব কর্মসূচি পালন করা হয়।

দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে ‘অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে আমরা’ শিরোনামে এক সমাবেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন অভিযোগ করে বলেন, উপাচার্য ও ডিন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন না। তারা ছাত্রলীগের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, নিয়মকানুন লঙ্ঘন করে ছাত্রলীগের ৩৪ জনকে চিরকুটের মাধ্যমে অবৈধভাবে ভর্তির সুযোগ দিয়েছিলেন ঢাবি উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন।

এদিকে ঐ ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এছাড়া ভর্তিকৃতদের ডাকসুর সদস্যপদ থেকে অব্যাহতি এবং বহিষ্কারেরও দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল।

অপর দিকে ডাকসু নির্বাচনে জালিয়াতিসহ রোকেয়া হলে ঘটা নিয়োগ বাণিজ্য ঘটনায় জড়িতদের পদত্যাগের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সঞ্জীব চত্বরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় তারা। এছাড়া এসব দাবি সামনে রেখে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘গানের মিছিল’ এবং আগামী ১৫ সেপ্টেম্বর ‘দুর্নীতির ভূত তাড়ানো’ শীর্ষক অনুষ্ঠান পালনের ঘোষণা দেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাগিব নাঈম।