আবার প্রধানমন্ত্রী হলে ফিলিস্তিনের পশ্চিম তীরের অধিকৃত জর্ডান উপত্যকা ও ডেড সির উত্তরাংশ ইসরাইলের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার নির্বাচনী জনসভায় এ কথা জানান নেতানিয়াহু। তার এ ঘোষণায় নিজ দেশসহ আরব বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। বিরোধী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির এক নেতা ইয়াইর লাপিদ বলেছেন, এটা স্রেফ নির্বাচনী কৌশল, সফল হবার নয়। কারণ মিথ্যাটা খুবই স্বচ্ছ। নেতানিয়াহুর ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান, তুরস্ক ও সৌদি আরব। ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘আগ্রাসন ও বিপজ্জনক’ পদক্ষেপ বলে আরব লীগও নিন্দা জানিয়েছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সভা ডেকেছে সৌদি আরব। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শ্তায়েহ স্মরণ করিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের কোনো এলাকা নেতানিয়াহুর নির্বাচনী প্রচারের অংশ নয়।—ডয়চেভেলে
