রহস্যজনক আগুনে দুদক পরিচালকের স্ত্রী দগ্ধ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৫

দুর্নীতি দমন কমিশন- দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত উত্তরার নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন। ডিআইজি মিজানুর রহমানের দুর্নীতি মামলাসহ বেশ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদারকি কর্মকর্তা ছিলেন ইশরাতের স্বামী মুহাম্মদ ইউসুফ। তবে অগ্নিদগ্ধের বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে ১ নম্বর বাসায় থাকেন ইউসুফ দম্পতি। সন্ধা সাড়ে ৭ টার দিকে ওই বাসায় আগুন লাগে। অগ্নিদগ্ধ অবস্থায় ইউসুফের স্ত্রী ইশরাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে রাত পৌনে ১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ধরণের কেউ অগ্নিদগ্ধ হয়ে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হননি।

ওসি নূরে আলম আরও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট এসেছিল। আগুনের সূত্রপাত এবং অগ্নিদগ্ধের বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ভাল বলতে পারবেন।

রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন বলেন, সন্ধা ৭ টা ২৩ মিনিটে আমরা খবর পাই যে- ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। এই তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে যান। কিন্তু সেখানে গিয়ে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ফায়ার সার্ভিস সদস্যদের জানিয়েছেন, সেখানে আগুনে এক নারী দগ্ধ হয়েছেন।