জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার পুরান ঢাকার বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা আছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার রাজিয়াকে আদালতে পাঠানো হবে। রাজিয়া আলিমের মেয়ে অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী জানান, দুপুর ২টার সময় আমার মা একটি প্রোগ্রাম শেষে বাসায় ফিরলে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের বিস্ফোরক আইনে করা একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও তাকে গ্রেফতার করা হয়েছিল। নির্বাচনে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন রাজিয়া আলিম।
