চিঁহি চিঁহি চিঁহি...
নিষ্ক্রিয় সব ঘোড়া
ডিম পাড়ল এক জোড়া—
নিটোল নিরেট মিহি।
টগবগা টগবগা...
দেখছি এখন মগা:
ছিল না তো মুরোদ
ধরছিলি ক্যান্ বিহি?
হাটটিমা টিমটিম—
ঘোড়ারা হিমশিম:
পাড়ল মাঠে ডিম,
তা দিয়ে দিন কাটে...
ঘোড়ার ছিল দাবি:
ফুটবে জোড়া বাঘ—
বুঝটা তখন পাবি;
লাগ ভেলকি লাগ...
কিন্তু সে ডিম থেকে
বেরিয়ে এল গাধা—
দেখতে শেয়াল আধা:
রানি-শাহাজাদা!
শেয়াল মতো গাধা
ডাকল হুক্কা-চিঁহি:
লাগল গোলকধাঁধা—
হাসল সবাই হি-হি...
আজব প্রাণী দুটি
করছে ছোটাছুটি:
করবে বানর ভাগ
দুই বেড়ালের রুটি!
চিঁহি চিঁহি চিঁহি...
নিষ্ক্রিয় সব ঘোড়া
ডিম পাড়ল এক জোড়া—
নিটোল নিরেট মিহি:
হি-হি, হি-হি, হি-হি...
