পপিফুল ছুঁয়ে ছুঁয়ে আসা বাতাস
চোখের পাপড়ি ছুঁয়ে যাও,
কাকতাড়ুয়ার চোখ ফসলের
সবুজের দৃশ্যে আটকে গেছে;
তার কানে কানে জোছনায়
সারারাত চাঁদ ফিসফিস করে—
রোদ উঠে গেলে
ফড়িঙেরও ভাঙে ঘুম,
তখনো ঘুমের নাই তোড়জোড়—
দূর মেঘনার শোঁ শোঁ শব্দ আসে
মাঝরাতে সে নদীর শরীর সাপের—
আকাশে নদীর ছায়া, দুধরাজ—
তারা খসা দেখে মাছেরও হয়নি ঘুম—
পপিফুল ছুঁয়ে আসা বাতাস
মাছের চোখের মণি ছুঁয়ে দাও
নেমে আসো স্বপ্ন পঙ্খিরাজে চেপে,
সুগন্ধি মোমের আলোর মতো
জোছনার চাদর মুড়ে
ঘুমাও চোখ—
পালঙ্ক উড়ে যাক শত ডানা মেলে
