চাঁদের আলোয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬

আজিকার চাঁদ আলো ছড়াতেছে

এই ভুবনের ’পরে

রুপালি আলোয় দু’চোখ মেলে

মন ছোটে কোন সুদূরে।

হারিয়ে যাওয়া শৈশবস্মৃতিতে

খুঁজে ফিরি আজ কারে?

ছোট্টবেলার দিনগুলো,

নাকি হারানো সাথীদের?

জ্যোত্স্না রাতে আঙিনা জুড়ে

ছোটাছুটি করে কত খেলা,

হারিয়ে গেছে সেই সাথীরা

নেই সে মিলনমেলা।

ভরা জ্যোত্স্নায় উঠানে বসে

রূপকথা শুনেছি কত,

চাঁদের আলোর মায়াবী ছায়ায়

সবই সত্যি মনে হতো।

গল্প শোনার দিনগুলো নেই,

নেই গল্প বলার কেউ আর

কালের গর্ভে হারিয়েছে তারা

জীবন-মরণের ওপার।

শুধু ওই চাঁদ আছে চিরকাল

এভাবেই যাবে রয়ে

স্মৃতি বিহ্বল মানব হূদয়ের

স্মৃতির সাক্ষী হয়ে।