প্রত্যেকটা ব্যথার থাকে নিজস্ব দ্যোতনা—
প্রথম সঙ্গম অথবা মাতৃত্বের
সুখময় অনুভূতির নিকটবর্তী—
ডাংগুলি খেলায় জেতা
অথবা
ডুবসাঁতারে দীর্ঘ পাড়ি,
প্রত্যেকটি ব্যথার থাকে আপন আয়েশ—
বৃদ্ধস্য তরুণী ভার্যার
আনকোরা দেহ অধিকারসম,
লোকচক্ষুর অন্তরালে, বাসের ভিড়ে
পারস্পরিক ছোঁয়াছুঁয়ি আবেশ।
কিছু ব্যথা বানের জলের মতো নেমে যায়
রেখে যায় নতুন পলির সাথে ভাঙ্গনের ক্ষত,
কিছু ব্যথা যেন
প্রিয় ঠোঁটের তুলিতে আঁকা
বুকের ক্যানভাসে অদৃশ্য চিত্রকলা,
যদি তুমি ব্যথাই হলে—
তোমাকে
কী নামে ডাকি?
