গ্রন্থনা : শুভ্র সজীব
প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি সজীব আবার চলে এসেছি মজার একটি সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে। আজকেও আমরা খুব সহজ একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলব। তো চলো শুরু করা যাক—
আঙুরের অভিস্রবণ পরীক্ষা
পরীক্ষাটি করার জন্য লাগবে কয়েকটি কিশমিশ আর কয়েকটি আঙুর। প্রথমে দুই গ্লাস পানি নাও। দ্বিতীয় গ্লাসের পানিতে লবণ অথবা চিনি মিশিয়ে দ্রবণ তৈরি করো। এখন প্রথম গ্লাসে একটা কিশমিশ আর দ্বিতীয় গ্লাসের দ্রবণে একটি আঙুর ছেড়ে দাও। ও আচ্ছা বাকি কিশমিশ আর আঙুরগুলো খেয়ে ফেলো নয়তো আম্মু বকা দেবে। একদিন রেখে দেওয়ার পর দেখবে কিশমিশ ফুলে আঙুরের মতো হয়ে গেছে আর লবণের দ্রবণে রাখা আঙুর চুপসে গেছে।
কারণ : এর ব্যাখ্যাটাও খুব সহজ। অভিস্রবণ প্রক্রিয়ার কারণে এরকমটা হয়। অভিস্রবণ হলো একটি বিশেষ প্রক্রিয়া—যেখানে কম ঘন দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে তরল পদার্থ প্রবাহিত হয়। তোমরা বড়ো হলে এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে।
