বেশ জমকালো আয়োজনেই উন্মুক্ত হয় চিত্রনায়িকা নিপুণের প্রথম মিউজিক ভিডিও ‘রং’। গতকাল দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে দেখা মিলেছে একঝাঁক তারকারও। উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, অভিনেতা ইমন ও সাইমন সাদিক।
মিউজিক ভিডিওটি সবার উপস্থিতিতে অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ, এটি গেয়েছেন তার বোন পলিন। গানের ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। জানা গেছে, গানটির নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা!
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার দুই যোগ্য সন্তান নিপুণ ও পলিন। দুই বোনের এই অসাধারণ আয়োজনে আসতে পেরে আমার ভালো লাগছে।’
নিপুণ বলেন, ‘গত কয়েক বছরে অন্তত এক হাজার বার মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি। কিন্তু করিনি। কারণ পছন্দ হয়নি নানা কারণে। এবার হলাম। কারণ কাজটি এবার আমি নিজের হাতেই করেছি। কাজটিতে কোনো ঘাটতি রাখিনি।’
