জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ অংশের সম্প্রসারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। তিনি বলেন, তাদের এ পদক্ষেপ ফের আলোচনা শুরুর এবং আঞ্চলিক শান্তির সম্ভাবনার জন্য ক্ষতিকারক হবে। এছাড়া এটি দ্বি-রাষ্ট্র সমাধান নীতির সম্ভাব্যতার জন্যও মারাত্মক ক্ষতির কারণ হবে। মঙ্গলবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা ও উত্তরাঞ্চলীয় ডেড সি দখলের ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হতে পারলে তার সরকার এ ধরনের পদক্ষেপে যাবে। শুধু তাই নয়, পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তার এই বক্তব্যের পরে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। আরব বিশ্বও এর সমালোচনা করে। আরব বিশ্ব একে বিপজ্জনক ও আগ্রাসি বলে আখ্যায়িত করেছে। সর্বশেষ জাতিসংঘের পক্ষ থেকেও উদ্বেগ জানানো হয়েছে।
