এবার আফগানিস্তান আর বাংলাদেশের পরীক্ষা নিতে পারল না। যুব এশিয়া কাপে গতকাল সেমিফাইনাল ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। প্রবল বৃষ্টিতে গতকাল অনুষ্ঠিত হতে পারেনি দুটি সেমিফাইনালের একটি খেলাও। ফলে গ্রুপপর্বে বেশি পয়েন্টের মালিক বাংলাদেশ ও ভারত চলে গেছে ফাইনালে। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
কলম্বোতে আট দলীয় এই টুর্নামেন্টে পি সারা ওভালে খেলা ছিল শ্রীলঙ্কা ও ভারতের। অন্যদিকে মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ। সকাল থেকে ভারী বৃষ্টিতে দুই ম্যাচের কোনোটিতে টস পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি। পরে বেলা ২:১৫টায় দুটি খেলাই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ফাইনালে চলে যায় বাংলাদেশ ও ভারত।
‘এ’ গ্রুপে টানা তিন জয় নিয়ে সবার ওপরে ছিল ভারত। সে জন্য সেমিফাইনালে এই সুবিধা পেয়েছে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে টানা তিন জয় নিয়ে সবার ওপরে ছিল বাংলাদেশ।
স্বাগতিক শ্রীলঙ্কার জন্য এটা একটা আফসোস রইল। তারা ভারতের পরীক্ষাটা নিতে পারল না। অন্যদিকে আফগানিস্তানের হতাশাও কম নয়। তাদের বোলিংকে এই টুর্নামেন্টের সেরা মনে করা হচ্ছিল। তারা পাকিস্তানকে উদ্বোধনী খেলায় হারানোর পর ভারতের বিপক্ষেও জয়ের পথে ছিল।
শেষ পর্যন্ত এই দুই দলকে হতাশ করে ভারত ও বাংলাদেশ ফাইনালে লড়বে। এই দুই দল কিছুদিন আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলে এসেছে। সেখানে অবশ্য ভারত জয় পেয়েছিলো। এই যাত্রা বাংলাদেশ নিশ্চয়ই সেই ফলের পুনরাবৃত্তি চাইবে না।
