আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। অভিষেকের বছর চারেক পরে বাংলাদেশ সফরে প্রথমবার এসেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ের ক্রিকেটের সোনালি সময়ের শেষভাগের প্রতিনিধি তিনি। ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে এখন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। আজ শুরু হতে চলা ত্রিদেশীয় টি-২০ সিরিজ দিয়ে ক্রিকেটকে বিদায় বলবেন মাসাকাদজা।
গতকাল সংবাদ সম্মেলনে প্রথমবার বাংলাদেশে আসার স্মৃতি মনে করতে বলা হলে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘এটা তো খুব কঠিন (হাসি)। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলছিলাম। মূল বিষয় যেটা আমার মনে আছে, উইকেট খুব ফ্লাট ছিল এবং বিশ্বের সেরা ব্যাটিং উইকেট ছিল।’
বাংলাদেশের মাটিতে ক্যারিয়ারের শেষ সিরিজটাও উপভোগ করতে চান মাসাকাদজা। জিম্বাবুয়ের অধিনায়কের মতে, ত্রিদেশীয় সিরিজে বাকি দুই দলের চেয়ে পিছিয়ে নেই তার দল। যদিও এই ফরম্যাটে আফগানিস্তান বেশ শক্তিশালী এবং বাংলাদেশ খেলবে হোম কন্ডিশনে। তারপরও এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতা এবং টি-২০ ফরম্যাট বলেই আশাবাদী তিনি।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বাংলাদেশ, আফগানিস্তানকে সমীহ করলেও নিজের দলকে পিছিয়ে রাখতে চান না মাসাকাদজা। গতকাল অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না যে আমরা অনেক পিছিয়ে থেকে টুর্নামেন্ট শুরু করব। আমরা এখানে বেশ কয়েকটি টি-২০ খেলেছি। আমরা কন্ডিশন সম্পর্কেও জানি। অতএব আমরা পিছিয়ে থেকে শুরু করছি না।’
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেই জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে জিম্বাবুইয়ানদের। মাসাকাদজা বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচটা ভালোই গিয়েছে। আমাদের প্রক্রিয়া সঠিক ছিল। কিন্তু আমরা সামনে তাকাতে চাইছি। কেননা শেষ ম্যাচটি (প্রস্তুতি) যেমন গেছে বা ওখানে যা করেছি এই ম্যাচে সেটা করা যাবে না। ম্যাচটি ভিন্ন হবে।’ শৃঙ্খলাজনিত কারণে ত্রিদেশীয় সিরিজে দলে সুযোগ পাননি সিকান্দার রাজা। দলের সবাই মিলে তার অভাব পূরণ করবে বলে আশা মাসাকাদজারা।
টি-২০ ফরম্যাটে বাংলাদেশ-জিম্বাবুয়ের সাক্ষাত্ হয়েছে নয় বার। যার মধ্যে বাংলাদেশ পাঁচটি ও জিম্বাবুয়ে চারটি ম্যাচ জিতেছে। তবে দুই দলের সর্বশেষ ম্যাচে জয়ের হাসি জিম্বাবুয়ের দখলে। ২০১৬ সালে খুলনায় চার ম্যাচের সিরিজের শেষ দুটি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে।
টেস্ট ও ওয়ানডের তুলনায় ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে বাংলাদেশকে হারানো সহজ বলে মনে করেন মাসাকাদজা। টি-২০-তে দুই দলের ব্যবধান কমে আসে। আজ বাংলাদেশকে হারিয়েই ত্রিদেশীয় সিরিজ শুরু করতে চায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক গতকাল বলেছেন,‘শর্টার ভার্সনের ক্রিকেটে দলগুলোর ব্যবধান কমে আসে। টি-২০র মতো ম্যাচে আপনাকে যা করতে হবে তা হলো, একজনকে এক প্রান্তে টিকে থাকতে হবে এবং তা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেখানে লংগার ভার্সনে আপনার দুই-তিন জনকে সবকিছু করতে হবে। টি-২০-তে ম্যাচ জেতার জন্য একজনই যথেষ্ট।’
ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞাসহ সবকিছু ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা। গতকাল তিনি বলেছেন, ‘দিন শেষে ক্রিকেটার হিসেবে আমাদের কাজ মাঠে যাওয়া এবং মাঠে সেরা ক্রিকেটটা খেলা। প্রথম ও মূল কাজ হচ্ছে ক্রিকেটে মনোযোগী হওয়া। তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া এবং কাল (আজ) দেশের জন্য কাজ করা।’
