বেলিস অধ্যায়ের শেষের শুরু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

ওভালে গতকাল শুরু হয়েছে অ্যাশেজের শেষ টেস্ট। আর এই টেস্টের ভেতর দিয়ে শেষ হচ্ছে ইংলিশ গ্রীষ্মের। শেষ হচ্ছে ইংল্যান্ডে ট্রেভর বেলিসের চার বছরের দীর্ঘ অধ্যায়।

ইতিমধ্যে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হারিয়েছে ইংল্যান্ড। এখন শেষ টেস্ট জিতে তারা বড় জোর এবারের সিরিজ ড্র করতে পারে। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এই টেস্ট শুরুর আগে সতীর্থদের প্রতি ডাক দিয়েছেন, ওভাল টেস্ট জিতে ট্রেভর বেলিসকে ‘সত্যিকারের এক উত্সব’ দিয়ে বিদায় জানানোর জন্য।

ট্রেভর বেলিসের ইংল্যান্ডে চার বছরের এই সময়টা মূলত স্মরণীয় হয়ে থাকবে সীমিত ওভারের ক্রিকেটে দলটিকে নতুন করে পরাশক্তি করে তোলায়। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়ার পর বেলিস এই দলটিকে সাদা বলের ক্রিকেটে অপরাজেয় এক শক্তিতে পরিণত করেন। যার ধারাবাহিকতায় লর্ডসে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনাল জিতে নিয়েছে তারা। বিপরীতে টেস্টে খুব ভালো কিছু অর্জন করতে পারেননি তিনি। যদিও দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাশেজ জিতেছিলেন। এরপর আর এই ট্রফিটা জেতা হয়নি ইংল্যান্ডের।

রুট বলেছেন, তারা বেলিসকে দারুণভাবে বিদায় জানাতে চান, ‘আমাদের উচিত ট্রেভর এই চার বছরে দলকে যা দিয়েছেন, সেটা উদ্যাপন করা। আর খেলোয়াড় হিসেবে আমরা চাই সত্যিকারের এক উত্সবের ভেতর দিয়ে তাকে বিদায় জানাতে। আমাদের দলের ওপর তার প্রভাব অনেক বড়ো। আমরা যারা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমরা সবাই তাকে খুব মিস করব।’

এই টেস্টে ইংল্যান্ড দুটি পরিবর্তন নিয়ে খেলছে। জেসন রয় ও ক্রেইগ ওভারটনের বদলে একাদশে এসেছেন স্যাম কুরান ও ক্রিস ওকস। রয়ের বাদ পড়া নিয়ে বলতে গিয়ে রুট বলেছেন, ‘জেসন খুব দুর্ভাগা বলেই এই টেস্টটা মিস করছে। সে খুব ভালো করে জানে যে, সে কী অবস্থায় আছে। আর তাকে টেস্ট ক্রিকেটে সেরা খেলাটা খেলতে হলে কী করতে হবে, সেটাও সে খুব ভালো জানে। সে টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু সে নিজেই যেভাবে চাচ্ছিল, সেরকম পারফরম্যান্স করতে পারেনি। তবে আমি নিশ্চিত সে এখন এখান থেকে গিয়ে কঠোর পরিশ্রম করবে আবার। আমাদের দল থেকে যারা বাদ পড়ে, তাদের ক্ষেত্রে আপনি এটাই প্রত্যাশা করতে পারেন। সে নিজেকে প্রমাণ করে ফিরে আসবে।’