হোসে মরিনহো মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ৫০ বছরে গিয়েও গোল অব্যাহত রাখবেন। বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সর্বশেষ রেকর্ডটির পর। পর্তুগাল অধিনায়ক গত মঙ্গলবার লিথুনিয়ার বিরুদ্ধে দলের ৫-১ জয়ে একাই চার গোল করেন। এর সুবাদে ইংল্যান্ডের রবি কিনের সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ভেঙে দেন তিনি। স্বদেশি মরিনহোর কোচিংয়ে রিয়াল মাদ্রিদে খেলা এই জুভেন্তাস তারকা জাতীয় দলের হয়ে ৯৪ গোল করেছেন। পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ী রোনালদোকে ‘বিস্ময়কর’ বলেও অভিহিত করেন মরিনহো। তিনি এও বলেন যে, অবসরে গেলেও তার গোল করা কখনোই বন্ধ হবে না। বর্তমানে কর্মহীন মরিনহো মনে করেন কিংবদন্তিদের নিয়ে সে সময়ে প্রদর্শনী ম্যাচেও রোনালদো হবেন শীর্ষ নৈপুণ্যের অধিকারী।
