‘শিরোপার জন্য পরিপক্ব নয় ইউনাইটেড’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

ওলে গুনার সোলসারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দল যথেষ্ট প্রতিভাবান। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে থাকতে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হবে তাদের।  এমন মন্তব্য সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি এ-ও মনে করেন যে, দলটিতে শিরোপার জন্য লড়াই করার মতো পরিপক্বতা আসেনি এখনো।

ইউনাইটেড প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ছয় মৌসুম আগে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়টা দারুণভাবেই রাঙিয়েছিল। এরপর ডেভিড ময়েস, লুই ফন গল, হোসে মরিনহোর মতো কোচরা ওল্ড ট্র্যাফোর্ডে এলেও শিরোপার স্বাদ আর পায়নি ২০ বারের লিগ জয়ীরা। ওয়েঙ্গারের মতে অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে পারে তাদের।

কোচ সোলসারের দল প্রিমিয়ার লিগে চার খেলা শেষে পাঁচ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম স্থানে আছে। শীর্ষে আছে লিভারপুল (১২ পয়েন্ট) ও শিরোপাধারী ম্যানচেষ্টার সিটি (১০ পয়েন্ট)।

ওয়েঙ্গার সম্প্রতি কাতারভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান বেইন স্পোর্টসকে বলেন, ‘যখন আপনি ইউনাইটেডের দিকে তাকাবেন তখন প্রতিভার দারুণ একটা উদাহরণ দেখবেন। কিন্তু তারা এখনো সমষ্টিগত উপায় খুঁজে পায়নি। সম্ভবত ইউনাইটেডের মতো দলের খেলার ধরন ফুটিয়ে তোলার জন্য খেলোয়াড়রা একসঙ্গে তেমন পরিপক্ব হয়ে ওঠেনি। এটাই এখন বড়ো প্রশ্ন। আপনার মনে হতে পারে সেখান থেকে কিছু একটা আসছে কিন্তু এটা এখনো সম্পূর্ণরূপে তৈরি নয়।’

রায়ান গিগস, পল স্কোলস কিংবা ডেভিড বেকহ্যামদের কীর্তি ইউনাইটেডের নতুন প্রজন্ম পুনরাবৃত্তি ঘটাতে পারবে কি না— এমন প্রশ্নে ওয়েঙ্গার বেশ সন্দিহান। তিনি বলেন, ‘যখন আপনি তাদের খেলতে দেখবেন তখন বুঝতে পারবেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেই। গিগস, স্কোলস, বেকহ্যামরা যা অনেক বছর ধরে করেছিল, তারা কী পারবে সেটা করে দেখাতে? আমি আশ্বস্ত নই।’