সংশয়ে শ্রীলঙ্কার সফর

আবার নিরাপত্তা হুমকিতে পাকিস্তান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

২০০৯ সালে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সফরে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই সফর চলাকালে লাহোরে বীভত্স এক আক্রমণে ফিরে আসতে হয় আহত খেলোয়াড়দের। আর সেখানেই একদশকের জন্য থেমে যায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট।

আবার দেশটিতে ক্রিকেট ফিরব ফিরব করছে। ইতিমধ্যে কিছু আন্তর্জাতিক দল এখানে ছোটোখাটো সফর করেছে। সেই শ্রীলঙ্কায় আবার প্রথম দল হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টির বড়ো সিরিজ খেলতে যেতে তৈরি হচ্ছিল পাকিস্তানে। কিন্তু এই শুভেচ্ছা সফরটিকে হুমকির মুখে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা সরকারের পাওয়া নিরাপত্তার হুমকি। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, এবার সফরেও শ্রীলঙ্কা দলের প্রতি নতুন করে সুনির্দিষ্ট সন্ত্রাসী আক্রমণের হুমকি আছে। আর এজন্য নতুন করে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে তবে সফর করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)।

আর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা শ্রীলঙ্কা দলের। যদিও নিরাপত্তাহীনতার ভয়ে এই সফর থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার শীর্ষ ও সিনিয়র ১০ খেলোয়াড়। তারপরও ইতিমধ্যে এসএলসি পাকিস্তান সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি পৃথক দল ঘোষণা করে ফেলেছে। কিন্তু এখন সফরটি হবে কি না, সেটা নির্ভর করছে শ্রীলঙ্কা সরকারের নতুন একটি নিরাপত্তা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার ওপর।

এসএলসির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা এখন শ্রীলঙ্কা সরকারকে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ করেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট আজ (গতকাল) পাকিস্তান সফরের আগে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য শ্রীলঙ্কা সরকারের কাছে সহায়তা চেয়েছে। এসএলসি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি সতর্কবার্তা পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সতর্কবার্তা এসেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয়েছে, শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফরের সময় তাদের ওপরে সন্ত্রাসী হুমকি থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তর বিশ্বস্ত সূত্র থেকে পরিষ্কার ধারণা পেয়েছে, ‘এই সতর্কবার্তা বিশেষভাবে উল্লেখ করেছে যে, প্রধানমন্ত্রীর দপ্তর একটা বিশ্বস্ত সূত্র থেকে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হুমকির ব্যাপারে তথ্য পেয়েছে।’

এবারের পাকিস্তান সফরে শ্রীলঙ্কার একটি ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। ২৭ সেপ্টেম্বর ওয়ানডে দিয়ে করাচিতে শুরু হওয়ার কথা এই সিরিজ। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হওয়ার কথা করাচিতে। এরপর লাহোরে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।