অবশেষে চালু হয়েছে চট্টগ্রামে নবনির্মিত আন্তর্জাতিক সুইমিং পুল। নবনির্মিত এই সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের জন্য প্রায় ৩ হাজার ফরম বিক্রি করা হয়েছে। এর মধ্যে ৩০০ ফরম পূরণ করে জমা দিয়েছে বিভিন্ন প্রশিক্ষণার্থী। তাদেরকে গত মঙ্গলবার থেকে পুলে প্রশিক্ষণ দিচ্ছেন চার জন প্রশিক্ষক। চার জনের মধ্যে দুই জন রয়েছেন মহিলা প্রশিক্ষক। পুল রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে আরো ২১ জন কর্মচারী। এর আগে, গত সোমবার সুইমিং পুলের সম্মুখে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সুইমিং পুলের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দীন ও যুব, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফরউদ্দীন অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি।
