১০ বছর ধরে সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। নেই টয়লেট, খসে পড়ছে এর ছাদ ও দেয়াল। ৪০ বছর ধরে দায়িত্বে থাকা মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি মারুফ হোসেন (তুরান) বলেন, ‘ঐতিহ্য নষ্ট হবে মনে করে মসজিদের উন্নয়ন কাজ বন্ধ। একজন তত্ত্বাবধায়ক দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। মসজিদের খরচ বহন করার কথা থাকলেও তা করা হয়নি।’ খুলনা বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, ‘আমরা সম্প্রতি মসজিদটি পরিদর্শন করেছি। ইতিপূর্বে মসজিদের সংস্কার করা হয়েছে। মসজিদটির নিয়মিত পরিষ্কার-পরিছন্নতা ও দৈনন্দিন পরিচর্যার জন্য একজন দৈনিক শ্রমিককে নিয়োজিত রাখা হয়েছে। আগামী দিনগুলোতে এর প্রয়োজনীয় সংস্কার-সংরক্ষণ কাজের পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।’
