জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সংস্কারের তিন মাসের মধ্যে আবারও জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের উপজেলা সদরের হাসপাতাল এলাকায় সৃষ্টি হয়েছে খানাখন্দ ও গর্ত। প্রায় সময় গাড়ি গর্তে আটকে যাওয়ায় সিলেট ও আশপাশ এলাকার সঙ্গে জগন্নাথপুর উপজেলা সদরের সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে স্থানীয় বাসিন্দারা যাতায়াতে দুর্ভোগে পড়েন। গত বুধবার সকাল সাড়ে ১০টায় এ সড়কে চলতে গিয়ে মালবাহী একটি ট্রাক গর্তে পড়ে উলটে যায়। এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, সড়কটির হাসপাতাল এলাকায় মালবাহী ট্রাক গর্তে পড়ে উলটে যাওয়ার সংবাদ পেয়েছি। সড়কটির ঐ স্থানে গর্ত হওয়া অংশে সংস্কার কাজের প্রস্তুতি নেওয়া হয়েছে —ইত্তেফাক
