জলভাড়ায় নির্মিত স্লুইসগেট কাজে আসছে না!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

কাহারোল উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহিত জল ডাড়ার ওপর ২০০৯ সালে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় স্লুইসগেট। কৃষকদের উপকারের জন্য নির্মাণ করা হয় স্লুইসগেট। নির্মাণের পরেই স্লুইসগেটের দুই পাশ ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ড স্লুইসগেটের দুই পাশে মাটি ভরাট না করায় এর ওপর দিয়ে লোকজন চলাচল করতে পারে না এবং বন্যায় নদীর পানি স্লুইসগেটের  ভেতর দিয়ে ও দুই পাশের ভাঙা দিয়ে শত শত একর জমি পানিতে ডুবে যায়। পানিতে ফসল ডুবে যাওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বলরামপুর গ্রামের কৃষক আবু তাহের জানান, যখন স্লুইসগেটটি তৈরি করা হয় তখনই আমরা বলেছিলাম যেভাবে হচ্ছে তাতে  ভেতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদের কথা  শোনেনি। বর্তমানে স্লুইসগেটের দুই পাশ ভেঙে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়ে নদীতে পরিণত হয়েছে। এলাকাবাসী একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ ব্যাপারে গতকাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।