কক্সবাজারে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটকদের সঙ্গে পাওয়া শপিংব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা মিলেছে বলে জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর উপ-পরিচালক মেজর মো. রবিউল ইসলাম। বুধবার দিনগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন কক্সবাজার পৌরসভার টেকপাড়া বার্মিজ মার্কেট এলাকার মৃত কবির আহমদের ছেলে সুলতানুল ইসলাম সুলতান (৩৯) ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা এলাকার মো. ছব্বির আহমদের ছেলে মো. জয়নাল প্রকাশ জানে আলম (২০)। মেজর রবিউল ইসলাম জানান, খবর ছিল টেকনাফ থেকে একটি খালি লেগুনাযোগে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবার চালানসহ কক্সবাজার শহরে প্রবেশ করছে। এ সংবাদে র্যাবের অভিযানিক দল অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। এ সময় কমলা রঙের একটি শপিংব্যাগ তল্লাশি করে ১৫ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।